১৮ এপ্রিল ২০২৬ শনিবার পেনসিলভানিয়ার নর্থ পেন হাই স্কুল-এ অনুষ্ঠিত হয়ে গেল ৩৭তম বার্ষিক আন্তর্জাতিক স্প্রিং ফেস্টিভাল। সোজা বাংলায়, আন্তর্জাতিক বসন্ত উৎসব।

বর্ণিল আয়োজন আর বহুসাংস্কৃতিক মিলনের এক অনন্য উৎসব হিসেবে এই ইভেন্ট এরই মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতি বছরের মতো এবারও এটি ছিল নানা দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার এক প্রাণবন্ত প্রদর্শনী।

উৎসবটিতে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। দেশীয় পোশাক, ঐতিহ্যবাহী খাবার, সংগীত ও সংস্কৃতির মনোমুগ্ধকর উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে গর্বের সঙ্গে তুলে ধরা হয় আন্তর্জাতিক অঙ্গনে। দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও প্রশংসা এ আয়োজনে নতুন মাত্রা যোগ করে।

বহু জাতি ও বহু সংস্কৃতির মিলনমেলায় পরিণত হওয়া এই উৎসব শুধু বিনোদনেরই নয়, পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। আয়োজকদের নিখুঁত পরিকল্পনা ও অংশগ্রহণকারীদের আন্তরিকতায় এবারকার অনুষ্ঠানটিও সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতি বছরের মতো এবারের স্প্রিং ফেস্টিভালও অংশগ্রহণকারী সবার মনে রেখে গেছে আনন্দ, গর্ব ও প্রভূত অনুপ্রেরণার স্মৃতি।
আশরাফুল ইসলাম আরিফ



