সংবাদ

সৌদি আরবে কারখানায় আগুন : নিভে গেল ১৬ বাংলাদেশির প্রাণ

শেয়ার করুন:

রিয়াদ প্রতিনিধি

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা কাজ করছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও তদন্ত চলছে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং স্বজনদের প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

১৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *