সংবাদ

স্বপ্ন থেকে বাস্তব : ফিলাডেলফিয়া পত্রিকার শুভযাত্রা

শেয়ার করুন:

আমাদের মঞ্চ হয়তো খুব সাজানো-গোছানো ছিল না, আলোর বাহারেও ছিল না কোনো অতিরঞ্জন; কিন্তু প্রাণের শক্তি ছিল অফুরান। সেই শক্তিই বোধহয় আজকের এই অর্জনের মূল চালিকা। মননের গভীরতা আর উপস্থাপনার আন্তরিকতায় ভর করে, এক অনিশ্চিত পথ পেরিয়ে আমরা এসে দাঁড়ালাম এক দৃশ্যমান বাস্তবতায়—আমাদের স্বপ্নের অনলাইন পত্রিকা ‘ফিলাডেলফিয়া’-র আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো ২৫ এপ্রিল ২০২৬ তথা বাংলায় নতুন বছর ১৪৩৩-এর ১২ বৈশাখ।

মাত্র ছয় মাস আগেও যে-উদ্যোগটিকে অনিশ্চয়তার কুয়াশা ঘিরে রেখেছিল, আজ তা আত্মপ্রকাশ করলো দৃঢ় উচ্চারণে। এই যাত্রাপথে আমরা কাজ করে গেছি একান্ত মনোযোগে, মনের উদ্যমে;—কখনো ভাবিনি এই শহর, এই শহরের বাংলা ভাষাভাষী মানুষেরা আমাদের কতটা গ্রহণ করবেন। তবু অন্তরের কোথাও একটি বিশ্বাস ছিল—যদি নিষ্ঠা থাকে, তবে তার স্বীকৃতিও আসবে। আজকের এই দিনটি সেই বিশ্বাসকে সত্যে রূপ দিলো।

পত্রিকার শুভারম্ভ অনুষ্ঠানে দূর-দুরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি আমাদের অভিভূত করেছে। এই সংস্কৃতিমনস্ক জনমানুষের অকুণ্ঠ সমর্থন, প্রেরণাদায়ক বক্তব্য ও আন্তরিক অংশগ্রহণ আমাদের এই পথচলায় প্রেরণাদায়ক প্রাণশক্তি জোগাবে ভবিষ্যতের দিনগুলোতে। এই মানুষদের প্রীতিভরা উপস্থিতি নিছক উদ্বোধনী আনুষ্ঠানিকতার বাইরে এক অনন্য মাত্রায় উন্নীত করেছিল গোটা আয়োজনটিকে। বিশেষ করে একটি কথাই বারবার উচ্চারিত হয়েছে এখানে—‘নির্দলীয় সংবাদ প্রচার’-এর প্রত্যাশা। একজন বক্তার কথায়, “আমরা কেউই পুরোপুরি নিরপেক্ষ নই, কিন্তু সংবাদ হতে হবে নির্দলীয়—যদি আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই।”

উপস্থিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যগুলো সহজ শোনালেও এমন আদর্শ বাস্তবায়ন করা নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ। তবু আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি সচেতনভাবেই। আমাদের আমন্ত্রণপত্রেই স্পষ্টভাবে উচ্চারণ করা হয়েছিল—‘দলনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় নির্মিত আমাদের স্বপ্নের অনলাইন পত্রিকা ‘ফিলাডেলফিয়া’। এই প্রতিশ্রুতি শুধু একটি বাক্য নয়, এটি আমাদের পথচলার নৈতিক ভিত্তি।

আমরা জানি, একটি পত্রিকার সাফল্য কেবল তার প্রকাশনায় নয়, বরং তার ধারাবাহিক সততা, বস্তুনিষ্ঠতা ও মানুষের আস্থার ওপর নির্ভরশীল। তাই কমিউনিটি এবং পাঠকবৃন্দের প্রতি আমাদের অঙ্গীকার—আমরা সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব। মতের ভিন্নতা থাকবে, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য থাকবে, কিন্তু সত্যের প্রতি দায়বদ্ধতা থাকবে অবিচল।

অনুষ্ঠানে পত্রিকাটির উদ্বোধন করেন বাংলা ভাষার প্রথিতযশা নাট্যকার ও কবি বদরুজ্জামান আলমগীর। সূচনায় কবিতা পাঠ করেন আব্দুল হাফিজ চৌধুরী ও জোহরা খাতুন কলি। সংগীত পরিবেশনায় ছিলেন কণ্ঠশিল্পী বিজয়া সেনগুপ্তা। গান ও কবিতার পরিবেশনা আয়োজনটিতে এনে দেয় এক সুরেলা আবহ। অনাকাঙ্ক্ষিত ব্যস্ততায় অনুষ্ঠানস্থলে সশরীর হাজির হতে না পারায় অনলাইনে যুক্ত হয়ে অন্তর্দৃষ্টিজাত শুভেচ্ছা জ্ঞাপন করেন পত্রিকার প্রণম্যজন প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমেদ, ড. ফাতেমা আহমেদ ও ড. ইবরুল চৌধুরী।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাদেক মিয়া কাপ্তান, আওতাদ চৌধুরী, স্বরণ খান, মোঃ লতিফুর রহমান, মাহবুর রব সাবু, শাহিদা আফরোজ, কাউন্সিলর শহিদুল পার্থ, জাকারিয়া চৌধুরী, মাহতাব জায়গীরদার, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ সহিদুল্লাহ, আবেদিন জয়নাল, এমাদ চৌধুরী, হোসেন আহমেদ, মুরাদ হোসেন, হেনা হোসেন, ফারুক সল্লিমুল্লাহ, রোমানা আলম, মোঃ লুৎফুর রহমান, মোহাম্মদ খালেদ হোসেইন, মোঃ আশিকুর রহমান, মাসুদুল হাসান সরোয়ার দ্যানিয়েল, সালাম এ খান, মোস্তফা বাদল, ফারজানা চৌধুরী সুরভী, মীর রুবাইয়াত হোসেন, ইয়াসিন আহমদ, সৈয়দ শরীফ আহমেদ, এমডি মোক্তাদির হোসেইন শামিম, সৈয়দ শামসুল ইসলাম, বাবুল আক্তার দিপ্তী, আতিকুর রহমান, সাজেদা সুলতানা মুন্নি তাফাদার, রাশেদা সুলতানা তাফাদার, সাহেদা সুলতানা তাফাদার সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরু থেকেই উপস্থিত ছিলেন প্রফেসর খায়ের মোহাম্মাদ মিঞা। আকস্মিকভাবে তাঁর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ফিরে যেতে হয়, যা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এক মুহূর্ত হয়ে থাকল।

পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম আরিফ ও সার্বিক সমন্বয়কারী আহমদ সায়েম তাদের স্ব স্ব বক্তব্যে পত্রিকার লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সুনিপুণভাবে উপস্থাপনা করেন কামরুল হাসান।

অনুষ্ঠানের শেষ প্রহরে, যখন শুভকামনা আর প্রত্যাশার উষ্ণতায় ভরে উঠেছিল চারপাশ, তখন মনে হচ্ছিল—এটি কেবল একটি পত্রিকার উদ্বোধন নয়; এটি একটি সম্মিলিত স্বপ্নের যাত্রা, একটি নতুন কণ্ঠের জন্ম।

এই যাত্রা দীর্ঘ হোক, অর্থবহ হোক, সমৃদ্ধ হোক—সত্য, সাহস আর মানবিকতার আলোয় আলোকিত হয়ে উঠুক সম্মিলিত সহাবস্থানের ‘ফিলাডেলফিয়া’।


ফিলাডেলফিয়া ডেস্ক

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *