বিজ্ঞান

সমুদ্রের অতল গভীরে এসএস ইউনাইটেড স্টেটসের শেষযাত্রা

শেয়ার করুন:

ফিলাডেলফিয়ার তিন দশকের স্মৃতি পেছনে ফেলে মেক্সিকো উপসাগরে ডুবল ঐতিহাসিক জাহাজ; বিশ্বের বৃহত্তম কৃত্রিম সামুদ্রিক প্রবালপ্রাচীরে নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদক, ফিলাডেলফিয়া

দীর্ঘ ২৯ বছরের সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনর্ব্যবহারের নানা উদ্যোগের অবসান ঘটিয়ে অবশেষে সমুদ্রের অতল গভীরে ডুবেছে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস। গত বুধবার (১১ নভেম্বর) রাতে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে জাহাজটিকে পরিকল্পিতভাবে নিমজ্জিত করা হয়। প্রায় ৯৯০ ফুট দীর্ঘ এই ঐতিহাসিক জাহাজটি এখন বিশ্বের বৃহত্তম কৃত্রিম সামুদ্রিক প্রবালপ্রাচীর বা আর্টিফিশিয়াল রিফ হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, কয়েক ঘণ্টার প্রস্তুতি ও নিয়ন্ত্রিত প্রক্রিয়ার পর স্থানীয় সময় রাত ৯টার দিকে জাহাজটি পানির নিচে অদৃশ্য হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০ ফুট গভীরে এর অবস্থান। জাহাজটির ওপরের ডেক পানির প্রায় ৫৫ ফুট নিচে থাকবে, ফলে প্রশিক্ষিত ডুবুরিদের জন্য এটি একটি আকর্ষণীয় ডাইভিং স্পটে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একসময় বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ হিসেবে খ্যাতি অর্জন করেছিল এসএস ইউনাইটেড স্টেটস। ১৯৫২ সালে প্রথম সমুদ্রযাত্রায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতির রেকর্ড গড়ে জাহাজটি। প্রায় ১৭ বছর যাত্রী পরিবহনের পর ১৯৬৯ সালে এর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ কর্মজীবনে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে ৮০০ বারের বেশি। জাহাজটিতে ভ্রমণ করেছেন বহু খ্যাতিমান ব্যক্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অতিথি।

দক্ষিণ ফিলাডেলফিয়ার মানুষের কাছে জাহাজটি ‘ঘোস্ট শিপ’ বা ‘ভূতুড়ে জাহাজ’ নামে পরিচিত ছিল। ১৯৯৬ সালে ডেলাওয়ার নদীর তীরে ফিলাডেলফিয়ার পিয়ার ৮২-তে নোঙর করার পর প্রায় তিন দশক ধরে এটি শহরের পরিচিত দৃশ্য হয়ে ছিল। জাহাজটি সংরক্ষণ, জাদুঘরে রূপান্তর কিংবা পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলার একাধিক উদ্যোগ নেওয়া হলেও অর্থনৈতিক ও কারিগরি সীমাবদ্ধতায় কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয়নি।

অবশেষে ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি প্রায় ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রয়োজনীয় প্রস্তুতি ও দূষণমুক্তকরণের জন্য জাহাজটি ফিলাডেলফিয়া ছেড়ে আলাবামার মোবাইল বন্দরে যায়। সেখানে এক বছরের বেশি সময় ধরে এটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের উপযোগী করে প্রস্তুত করা হয়।

পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজ থেকে জ্বালানি ও ক্ষতিকর উপাদান অপসারণ করা হয়। সামুদ্রিক প্রাণীর প্রবেশ ও বসবাসের সুবিধার্থে জাহাজের বিভিন্ন অংশে বড় আকারের ছিদ্র তৈরি এবং ৪০০টির বেশি পোর্টহোল খুলে ফেলা হয়। কোনো বিস্ফোরক ব্যবহার না করে নিয়ন্ত্রিতভাবে সমুদ্রের পানি প্রবেশ করিয়ে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়।

প্রায় ১ কোটি ৩৫ লাখ ডলারের এই প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক প্রাণীর নতুন আবাসস্থল তৈরি, মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সম্প্রসারণ এবং ডাইভিং ও সামুদ্রিক পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের (WHOI) বিজ্ঞানীরা এই কৃত্রিম কাঠামোয় সামুদ্রিক প্রাণীর বসতি গড়ে ওঠা এবং নতুন বাস্তুতন্ত্রের বিকাশ নিয়ে গবেষণা করবেন।

জাহাজটির ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। এর বিখ্যাত লাল, সাদা ও নীল রঙের চিমনি, রাডার মাস্তুল ও প্রপেলারসহ কিছু গুরুত্বপূর্ণ অংশ সরিয়ে রাখা হয়েছে, যা ভবিষ্যতে স্থলভিত্তিক জাদুঘর ও দর্শনার্থী কেন্দ্র গড়ে তোলার কাজে ব্যবহার করা হবে।

এসএস ইউনাইটেড স্টেটসের ডুবে যাওয়া শুধু একটি ঐতিহাসিক জাহাজের বিদায় নয়, ফিলাডেলফিয়ার দীর্ঘদিনের পরিচিত এক স্মৃতিচিহ্নেরও অবসান। একসময় আটলান্টিক মহাসাগরে গতির রেকর্ড গড়া জাহাজটি এবার সমুদ্রের গভীরে নতুন সামুদ্রিক পরিবেশ গড়ে তোলার অংশ হয়ে রইল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *