সংবাদ

নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ও ১জন গ্রেপ্তার

শেয়ার করুন:

নিখোঁজ বাংলাদেশি পিএইচডিশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে এই ঘটনার গভীর অনুসন্ধানের সূত্রে ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডিশিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল-৮ জানায়, উদ্ধার হওয়া মরদেহের অংশ জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।

অন্যদিকে, একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (২৭) এখনও নিখোঁজ রয়েছেন। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহ (২৬)-কে গ্রেপ্তার করেছে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়।

তদন্তের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লেক ফরেস্ট এলাকার একটি আবাসিক অঞ্চল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের অংশ লিমনের বলে নিশ্চিত করা হয়।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা এ ঘটনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি মায়ামি কনস্যুলেটও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।

পুলিশ জানায়, ১৬ এপ্রিল সকালে টাম্পার বাসা থেকে সর্বশেষ দেখা যায় জামিল লিমনকে। একই দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বশেষ দেখা যায় নাহিদা বৃষ্টিকে। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *