গত ৮ ই সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধান মন্ত্রীর মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে নিযুক্ত রয়েছেন মোট ৪০ জন। তাদের মধ্যে জাইমা রহমান সহ মোট ৬ জন বাংলাদেশি।
জাইমা রহমান আইনি বিষয়ে দেখভাল করবেন।

তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন। পেশাগত জীবনে যুক্তরাজ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইন বিষয়ক পরামর্শের পাশাপাশি স্বাস্থ্য খাতে পরামর্শদাতা ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন জাইমা রহমান।
এছাড়া সমাজকল্যাণ ও শিক্ষা আইন সম্পর্কিত বিষয়ে বিনামূল্যে আইনি সেবা প্রদান করার অভিজ্ঞতা ও রয়েছে তার। পেশাগত কাজের পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে ও যুক্ত। সুবিধাবঞ্চিত ও ঝরেপড়া শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের কাজ করা দেশের অন্যতম সামাজিক উন্নয়ন সংস্থা সুরভীর পরিচালনা পর্ষদের তিনি সদস্য।



